ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে: সাদিক কায়েম

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সারা দেশে অব্যাহত সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। মা-বোনদের ওপর নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে। এমন ন্যক্কারজনক ঘটনার বিচার করতে হবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি দাবি করেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। জনসম্মুখে ধর্ষকের বিচার করতে হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।
ডাকসুর ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর হাসিনাতন্ত্র ফিরে আসতে দেব না। দরকার হলে আবার রাজপথে নামব। মা-বোনদের ওপর আর নির্যাতন হলে গণপ্রতিরোধ গড়ে তুলব।
সমাবেশে ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ব্যক্তির অপরাধের দায় দল এড়াতে পারে না।


