logo

সমাবর্তনে ডিগ্রি পেলেন আইইউটির ৬৫৯ শিক্ষার্থী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সমাবর্তনে ডিগ্রি পেলেন আইইউটির ৬৫৯ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।

রোববার (১১ অক্টোবর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মো. কায়কোবাদ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তাই শিক্ষাজীবন শেষে নিজেকে দেশ ও সমাজের কাজে উৎসর্গ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে এমন মানবসম্পদ প্রয়োজন, যারা প্রযুক্তিকে আমাদের দেশের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের কাজে লাগাতে পারেন। এছাড়া, যারা নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান তৈরি সক্ষম।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন।

সম্মানজনক ফলাফলের জন্য সাতজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ওআইসি গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়া বাকি ছয়জন শিক্ষার্থী আইইউটি গোল্ড মেডেল পেয়েছেন। শিক্ষামন্ত্রী তাদেরকে পদক পরিয়ে দেন এবং তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।