logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের কর্মীদের পদায়নের অভিযোগ উঠেছে। সংগঠনের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, অতীতে ছাত্রলীগ করতেন অন্তত ২০ জনকে কমিটিতে রাখা হয়েছে। এ ছাড়া ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজনকে পদ দেওয়া হয়েছে।

পদবঞ্চিতরা জানান, কমিটিতে একই ব্যক্তির নাম দুইবার, সিনিয়র-জুনিয়র ব্যাচ মেনটেইন না করা এবং সক্রিয় কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের পদায়ন করা হয়েছে। চাঁদাবাজিতে অভিযুক্তও পদ দেওয়া হয়েছে।

পদবঞ্চিত আরাফাত হোসেন বলেন, ছাত্রলীগ, শিবির ও ছাত্রঅধিকার পরিষদের সদস্যের নাম কমিটিতে দেখলাম। আমাদের মতো রাজপথের সৈনিকদের অবমূল্যায়নের কারণে চরম মূল্য দিতে হবে।

কমিটিতে বিতর্কিতদের একজন ইত্তেসাফ-আর-রাফি। তিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে আর বাড়াতে চাই না। এগুলো মাখালেই মাখে। বড় নেতাদের নামে ডকুমেন্টস থাকলেও তাদের নিউজ হচ্ছে না। আমরা ক্ষুদ্র মানুষ আমাদের নামেই শুধু নিউজ।

আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ একটি সামাজিক সংগঠন ছিল। সেই সংগঠনে শিক্ষার্থীদের যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন শিক্ষার্থীদের নেওয়া হতো। ছাত্রলীগের ভাইয়েরা না জানিয়ে আমার নাম দিয়েছিল। যখন জানতে পেরেছি, তখন লিভ নিয়েছি।

শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমরা কেন্দ্রে যে তালিকা পাঠিয়েছিলাম, তার সঙ্গে ঘোষিত কমিটির ৯০ শতাংশ মিল নেই। আমাদের দেওয়া তালিকার অবমূল্যায়ন করে তারা নিজেদের ইচ্ছামতো কমিটি দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে কেন্দ্রে যোগাযোগ করেছি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তারা ব্যবস্থা না নিলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।