মাদ্রাসায় অষ্টমের বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর (মঙ্গলবার) কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ (বিষয় কোড: ১০১) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) আরবি ১ম ও ২য় পত্র (বিষয় কোড: ১০৩); ১৩ ডিসেম্বর (রোববার) বাংলা ও ইংরেজি (বিষয় কোড: ১০৬ ও ১০৭) এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) গণিত ও বিজ্ঞান (বিষয় কোড: ১০৮ ও ১১৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে এই পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং সময় হবে তিন ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা একই দিনে ভিন্ন ভিন্ন কোডে আলাদা উত্তরপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষায় ওএমআর (ওএমআর) ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।



