নকল ধরা পড়লে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। একইভাবে কোনো পরীক্ষাকেন্দ্রে অনিয়ম বা নকলের ঘটনা ধরা পড়লে কেন্দ্র প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, নকলের প্রবণতা আগের মতো সরাসরি না থাকলেও এর ধরন পরিবর্তিত হয়েছে। এ কারণে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে আরও কঠোর করা হয়েছে।
তিনি আরও জানান, সংসদে পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য আনা হয়েছে। প্রশ্নফাঁস ও নকলের মতো অনিয়মের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।






