logo

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সুযোগ পাবেন সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরা: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সুযোগ পাবেন সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরা: ইউজিসি
ইউজিসি লোগো। ছবি: উইকিপিডিয়া

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও (সাপ্লিমেন্ট) সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

ড. মামুন আহমেদ বলেন, ‘ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী ৩১ ডিম্বেরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।’

ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছরের ন্যায় চলতি বছরেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবেচনায় আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইউজিসি সূত্র জানায়, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববদ্যিালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট