এআই ব্যবহার নিয়ে সারা দেশের স্কুল-কলেজে যে নির্দেশনা দিল মাউশি

সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলস ব্যবহারের ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি মাউশির পক্ষ থেকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, সব শিক্ষা অফিসার এবং আঞ্চলিক উপ-পরিচালক ও পরিচালকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
মাউশির নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত একটি সতর্কতা নোটিশের সূত্র উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই নোটিশে বলা হয়, বর্তমানে সরকারি দপ্তরে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। এর ফলে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়লেও, অসতর্ক ব্যবহারের কারণে সরকারের সংবেদনশীল ও গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ার বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এআই টুলস ব্যবহারের ক্ষেত্রে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা দেখাতে হবে। পাশাপাশি এ বিষয়ে দেশের প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের অন্যান্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
