কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা, ৬ দফা দাবি

এশিয়া পোস্ট নিউজ, কুবি
কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা, ৬ দফা দাবি
তালা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যথাসময়ে আয়োজন এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিভাগে তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভাগের মূল গেটে তালা দেন। এ সময় তারা প্রশাসনের কাছে ৬ দফা দাবি ও ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—২৪ ঘণ্টার মধ্যে ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ, আগামী সাত মাসের মধ্যে বাকি দুই সেমিস্টার সম্পন্ন করা, ৪৮ ঘণ্টার মধ্যে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাকি দুই সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, প্রয়োজন হলে অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে দ্রুত কোর্স সম্পন্ন করা এবং আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে দাবি পূরণের আগে লিখিত অঙ্গীকারনামা দেওয়া।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিভাগের একাডেমিক ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে ১৪টি অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—আট মাসের সেশনজট, পরীক্ষার আগের রাতে রুটিন প্রকাশ, অসম্পূর্ণ কোর্সে পরীক্ষা গ্রহণ, কারণ ছাড়াই অনলাইন ক্লাস পরিচালনা, ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশ না করা, একই সিলেবাস পুনরায় পড়ানো, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একই কোর্সে একাধিক শিক্ষক যুক্ত হওয়ায় সেমিস্টার কার্যক্রমে দীর্ঘসূত্রতা, সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব, ফলাফল প্রকাশে বিলম্ব, সময়মতো ক্লাস না নেওয়া, নির্ধারিত তারিখ দিয়েও বারবার পরীক্ষা স্থগিত করা, একই দিনে দুটি মিডটার্ম পরীক্ষা নেওয়া, দাবি উত্থাপন করলে পদত্যাগের ভয় দেখানো, সার্টিফিকেট আটকে রাখা এবং মামলার ভয় দেখানোর মতো গুরুতর বিষয়।