প্রাথমিকের শিক্ষক বদলিতে বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলির নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সংশোধিত নীতিমালায় বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ রাখার বিধান বাতিল করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক বদলির ক্ষেত্রে সাতটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে।
এর আগে গত ২১ জুন জারি করা নীতিমালায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়—এই চার স্তরের কমিটির মাধ্যমে বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির বিধান রাখা হয়েছিল। তবে কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকার। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নীতিমালা সংশোধন করা হয়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বদলি কমিটিতে সভাপতির মনোনীত দুইজন ‘গণ্যমান্য ব্যক্তি’র পরিবর্তে দুইজন বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি থাকবেন।
এ ছাড়া জাতীয় কমিটির নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জাতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)। এর আগে এই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
বদলিতে যুক্ত হলো ৭ শর্ত
সংশোধিত নীতিমালায় শিক্ষক বদলির ক্ষেত্রে নতুন করে সাতটি শর্ত যুক্ত করা হয়েছে। এগুলো হলো—
- চাকরির ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকা বদলির জন্য বিবেচিত হবেন না।
- বদলির পর তিন বছর পূর্ণ না হলে পুনরায় বদলির আবেদন করা যাবে না।
- সংশ্লিষ্ট বিদ্যালয়ে শূন্য পদ থাকলেই কেবল বদলি করা যাবে।
- শিক্ষকের আবেদন ছাড়া তাকে অন্য বিদ্যালয়ে বদলি করা যাবে না। তবে জনস্বার্থে বা প্রশাসনিক প্রয়োজনে জাতীয় কমিটির অনুমোদন নিয়ে বদলি করা যাবে।
- যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত আছেন অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না।
- একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে।
- একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তি পদায়ন করা যাবে। এছাড়া সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষিকাদের স্থায়ী ঠিকানা বা স্বামীর বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
.png)




