বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এতে আরও বলা হয়, বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাবির স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।
অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন হতে পারে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






