ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত তাকে কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ, ২০২৬ তারিখ হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) উক্ত অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।
অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিএ (সম্মান) পরীক্ষায় সম্মিলিতভাবে কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনিস অ্যাটর্নি আলমগীর স্বর্ণ পদক ও কলা অনুষদে প্রথম স্থান অধিকার করেন। ফলে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃত্তি লাভ করেন। এমএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি লাভ করেন ড. আবেদা হাফিজ স্বর্ণপদক। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফার্সি ও উর্দু বিভাগে ফার্সি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।
তিনি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গানুবাদে ফার্সি সাহিত্যচর্চা ১৯৭১-২০০৫ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্সি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় তিনি ২০১৮ সালের ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত ৫০টিরও অধিক আন্তর্জাতিক সেমিনারে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। দেশ-বিদেশের জার্নালে এ পর্যন্ত তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫৩টি।