সার্টিফিকেট বাণিজ্য, ইউসেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের কারণে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) বন্ধ ঘোষণা করেছে সরকার। গত ২৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ২০১৯ সালের আগস্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার খোর্দ ঘোষপাড়ার প্লট নং-২৯৮-২৯৯-এর সামাদবানু টাওয়ারে অস্থায়ীভাবে সাত বছরের জন্য ইউসেট বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় এ বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত এই ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার কার্যক্রম চলমান নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ব্যতিত কোনো ঠিকানায়/ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এর অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত।
এ ছাড়া সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী এর ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির চলমান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শীঘ্রই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।
