হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেরে বাংলা একে ফজলুল হক হল থেকে অরুপ রতন কনিস্ক নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে সহপাঠীরা কক্ষের ভেতরে ঢুকে অরুপ রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর হল প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ আসলে মরদেহ নামানো হয়। পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিই। আমরা প্রক্টোরিয়াল বডি ও হল প্রশাসনও হলে চলে আসি। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও হল প্রশাসন রুমে ঢুকে ঝুলন্ত মরদেহটি নামানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী অরুপ রতন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি, তারা এলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।