logo

এইচএসসির ফল বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

এইচএসসির ফল বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য। প্রথম আলোর ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। তবে ফল প্রকাশের পূর্বপ্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন এখনও পাওয়া যায়নি। বিদেশ সফরে থাকায় ফল প্রকাশের বিষয়টি এখনও প্রধানমন্ত্রীকে অবগত করা হয়নি। এখন ফোনে প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে। শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকায় ফলাফল প্রকাশের ব্যাপারে এখনও ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তবে আমরা যথাসময়ে ফল প্রকাশে প্রস্তুত রয়েছি।

এর আগে গত শনিবার রাতে সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান ২৯ অক্টোবরে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। ফল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা শিক্ষা বোর্ড থেকে। তবে জানানো হয়, ২৬ অক্টোবর (আজ) সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের পদ্ধতিসহ নানান বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রধানমন্ত্রীর ক্লিয়ারেন্স না পাওয়ায় আজ ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন থেকে সরে এসেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এশিয়া পোস্টকে আরও বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন করলে ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।