logo
Advertisement

‘গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে’
সেমিনারে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। ছবি : এশিয়া পোস্ট

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে গবেষণার সুফল প্রান্তিক কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। তিনি বলেছেন, ‘শুধু গবেষণা করলেই হবে না; গবেষণার বিষয় নির্বাচন, গবেষণাপদ্ধতি, ফলাফল বিশ্লেষণ থেকে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশসহ প্রতিটি ধাপেই গুণগত মান নিশ্চিত করতে হবে।’

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘ফ্রম রিসার্চ আইডিয়া টু কিউ১ জার্নাল পাবলিকেশন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সেমিনার কক্ষে আইসিএসইটিইপি প্রকল্পের সাব-প্রজেক্ট পিআইএন: সি-৫৩-এর উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।

আসলাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব নতুন জ্ঞান সৃষ্টি করা। আর সে জ্ঞান সমাজ ও বিশ্বের সামনে তুলে ধরার কার্যকর মাধ্যম মানসম্মত গবেষণা প্রকাশনা।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তরুণ গবেষকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশ আরও এগিয়ে যাবে।’

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।

সেমিনারে গবেষণার উপযোগী ধারণা নির্বাচন, গবেষণার মানোন্নয়ন, কিউ১ জার্নাল নির্বাচন এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল খালেক।