logo

ঢাবির ওসমান হাদি হলে নবীনবরণে ক্যাম্পাসে ‘গরুমিছিল’

ঢাবির ওসমান হাদি হলে নবীনবরণে ক্যাম্পাসে ‘গরুমিছিল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে হল সংসদ। নবীনবরণ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ‘গরুভোজের’ পাশাপাশি ক্যাম্পাসে ‘গরুমিছিল’ করেছেন হলের শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হল পাড়া এলাকা থেকে এই আনন্দমিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হল সংসদ সূত্রে জানা গেছে, নবীন শিক্ষার্থীদের সঙ্গে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরিচিতি ও সৌহার্দ্য বাড়াতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিচিতি পর্ব শেষে রাতে আয়োজিত আনন্দমিছিলে একটি গরু নিয়ে প্রতীকীভাবে অংশ নেন শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই উদ্যোগকে তারা ‘গরুমিছিল’ হিসেবে অভিহিত করছেন।

মিছিলে অংশ নেওয়া নবীন শিক্ষার্থী শামীম বলেন, এটি ছিল সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর একটি আয়োজন। নবীনবরণকে স্মরণীয় করে রাখতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।

আরেক শিক্ষার্থী রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন আয়োজন আমাদের জন্য সত্যিই স্মরণীয়। এর মাধ্যমে আমরা জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে পেরেছি। এটি শুধু ভোজ নয়, বরং আমাদের মধ্যে ঐক্যের একটি বার্তা।