logo
Advertisement
ঈদে মিলাদুন্নবী (সা.)

দেশের সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশের সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

জাতীয় কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভাগুলোতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।