logo

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক পরামর্শক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। রোববার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে। ছবি: ইউজিসি সৌজন্যে

২০২৮ সালের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াইফাই ও প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করতে চায় ইউজিসি।

এই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া, ফি জমা, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক প্রশাসনিক সেবা অনলাইনে দেওয়ার ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন দূরে বসেই ভর্তির আবেদন, ফি জমা ও হলের আসনসংক্রান্ত তথ্য জানতে পারেন। পড়াশোনা শেষে সনদ সংগ্রহের জন্যও যেন তাদের বারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন ও ফি জমা দিতে না হয়, সে ধরনের অনলাইন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা ভাবছে ইউজিসি।

কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা এতে অংশ নেন।