logo

পাবিপ্রবিতে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

পাবিপ্রবিতে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে কেক কেটে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হাসান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, আমি মনে করি এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যমে একটি নতুন ধারা সৃষ্টি করবে। আমি চাই এশিয়া পোস্ট রাজনীতির ঊর্ধ্বে উঠে এবং পক্ষপাতহীনভাবে সংবাদ পরিবেশন করুক।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমরা দেখেছি সাংবাদিকদের একটি ছোট অংশের কাজ ছিল সরকারের গুণগান গাওয়া। এর পরিণতিও আমরা দেখেছি। আমি মনে করি সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সরকার থেকে শুরু করে সমাজের সব বিষয় নিয়েই লিখবে, যাতে বর্তমান বাস্তবতা সবাই জানতে পারে। আমি প্রত্যাশা করি এশিয়া পোস্ট তোষামদির সংস্কৃতিতে না জড়িয়ে সাহসিকতার সঙ্গে নিরপেক্ষ সাংবাদিকতা করবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক বলেন, হলুদ সাংবাদিকতা করা খুব সহজ, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন। আমি আশা করি, আমাদের ক্যাম্পাসসহ সারা দেশে এশিয়া পোস্ট একটি ভালো অবস্থান তৈরি করবে।

ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হাসান বলেন, আমি আশা করি এশিয়া পোস্ট তার যোগ্যতা দিয়েই টিকে থাকবে। অনলাইন পোর্টাল থেকে আমরা রিয়েল-টাইম তথ্য ও আপডেট পাই। আশা রাখি, এই নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠতার মাধ্যমে ক্যাম্পাস ও দেশের সংবাদ অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানি, পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।