ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক ও ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইয়ের লেখক মতিউর রহমান। অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
প্রতিযোগিতায় ইউআইইউর ইংরেজি, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা বইটির বিষয়বস্তু নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ, নিজস্ব উপলব্ধি ও সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বইটির লেখক মতিউর রহমান বইটির বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরেন এবং বই লেখার সঙ্গে জড়িত বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ শুধু জ্ঞান অর্জন করে না, সমাজ, মানুষ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগও পায়। তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা বিকাশে বই পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস ও পাঠ-পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। নিয়মিত বই পড়া তরুণদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি মননশীলতা বিকাশে সহায়তা করে বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং সমাজ ও জীবনকে গভীরভাবে বুঝতে সহায়তা করে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাঁদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বই পর্যালোচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মিয়াজী হোসাইন আবরার। দ্বিতীয় হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ফারহানা ফাইজা জিম এবং তৃতীয় হয়েছেন পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মাশরাফি কামাল শাফি। পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে একটি ল্যাপটপ, একটি মনিটর ও একটি হেডফোন দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে এক সেট বই ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে গীতিকার ও সুরকার কবির বকুল, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীম হুসাইন, অনলাইন বুকশপ প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সহযোগী ছিল প্রথমা ডটকম ও স্কিলআপার।
.png)


