logo

জনবলসংকট সত্ত্বেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রুয়েট

জনবলসংকট সত্ত্বেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রুয়েট
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।

ইউজিসির তথ্য অনুযায়ী, নতুন অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির নিজস্ব ব্যয়ের জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুমোদিত বাজেটের মধ্যে পরিচালন (রাজস্ব) খাতে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা রাখা হয়েছে।

দেশের পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরাদ্দের শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮০ কোটি ৪৭ লাখ টাকা। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১২৭ কোটি ৪৫ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১১০ কোটি ৪০ লাখ টাকা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা পেয়েছে। এর বিপরীতে মাত্র ৯৬ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ পেয়ে তালিকায় সবার নিচে রয়েছে রুয়েট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রুয়েটে দীর্ঘদিন ধরেই বাজেট-স্বল্পতার কারণে বিভিন্ন বিভাগে তীব্র জনবলসংকট রয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও পরিবহন খাতসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে পর্যাপ্ত জনবল না থাকায় সামগ্রিক কার্যক্রম পরিচালনায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে নতুন অর্থবছরের বাজেটে তুলনামূলক কম বরাদ্দ পাওয়ায় রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা এবং প্রশাসনিক কার্যক্রমের চাপ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের জন্য এই বরাদ্দ অপ্রতুল।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, রুয়েটের সার্বিক উন্নয়ন, জনবলসংকট নিরসন এবং শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।