ধীরগতির ইন্টারনেটে বিপর্যস্ত রুয়েট

তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হলেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীর্ঘদিন ধরে ধীরগতির ইন্টারনেট নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তাদের। বাৎসরিক ফি পরিশোধের মাধ্যমে হলভিত্তিক ইন্টারনেট সুবিধা চালু থাকলেও বাস্তবে এর গতি ও স্থবিরতা নিয়ে অসন্তোষ বাড়ছে।
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সমস্যা আরও তীব্র হয়েছে। অনেক সময় ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকে, আবার সংযোগ থাকলেও গতি এতটাই কম যে অনলাইন ক্লাস, গবেষণা, অ্যাসাইনমেন্ট বা অন্যান্য একাডেমিক কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, কিছু একাডেমিক ভবনে মোবাইল নেটওয়ার্কও দুর্বল বলে অভিযোগ রয়েছে। ফলে প্রয়োজনীয় কল, এসএমএস কিংবা ই-মেইল পাঠাতেও সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, যা দৈনন্দিন কার্যক্রমে অতিরিক্ত ভোগান্তি তৈরি করছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও ইন্টারনেট সেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৫ সালের জুন-জুলাই মাসে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের আওতায় প্রতিটি হলে উন্নত ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা থাকলেও বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এখনো তা বাস্তবায়ন হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একে ফজলুল হক হলের এক শিক্ষার্থী বলেন, হলের ইন্টারনেট খুবই ধীরগতির। কখনো কখনো টানা এক থেকে দুই দিন একেবারেই কাজ করে না। সবচেয়ে হতাশার বিষয় হলো রিডিংরুমে কোনো ইন্টারনেট সুবিধা নেই।
এ বিষয়ে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক কামাল হোসেন জানান, টেন্ডারসংক্রান্ত জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছিল। তবে সেগুলো সমাধান হয়েছে এবং আগামী মাস থেকে বাস্তবায়ন কাজ শুরু হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়াও ইতোমধ্যে চলমান।