Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর তা দ্রুততম সময়ের মধ্যে বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও আবেদনকারীদের বিভ্রান্তি ও হয়রানি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে নির্দেশনাটি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরও সময়মতো তা বোর্ডে ফরওয়ার্ড করছে না। এর ফলে শিক্ষার্থী ও আবেদনকারীরা অযথা বিভ্রান্তি ও হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষা বোর্ড আরও জানায়, এখন থেকে সংশোধনের আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো অবস্থাতেই প্রতিষ্ঠান বা অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।