logo

‎ডুজার সদস্যদের ওপর হামলার ঘটনায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

‎ডুজার সদস্যদের ওপর হামলার ঘটনায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
‎
‎শুক্রবার (২৪ এপ্রিল) রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী ও সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
‎
‎বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম।
‎
‎বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদলের কিছু নেতা-কর্মী প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়, তাদের ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এরপর তারা সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়ে সাংবাদিকদের ওপর শারীরিকভাবে চড়াও হয়। এই ধরনের আচরণ কেবল আইন বিরোধীই নয়, বরং এটি একটি সংগঠিত সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করে তোলার অপচেষ্টা।
‎
‎এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি  অবিলম্বে জড়িত সকল হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।