logo
Advertisement

আলিম ভর্তি নিয়ে মাদ্রাসা বোর্ডের জরুরি সতর্কতা

এশিয়া পোস্ট প্রতিবেদক
আলিম ভর্তি নিয়ে মাদ্রাসা বোর্ডের জরুরি সতর্কতা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: গুগল ম্যাপস

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর)। ভর্তির আবেদন শুরুর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Advertisement

দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীর অনুমতি ছাড়াই অনলাইনে আবেদন করে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র—এমন তথ্য জানিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দাখিল পরীক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য ব্যবহার করে শিক্ষার্থীর সম্মতি ছাড়াই অনলাইনে আলিম ভর্তির আবেদন সম্পন্ন করে দিচ্ছে তারা।

এ ধরনের প্রতারণার শিকার না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ভর্তি কার্যক্রমে অন্য কারও দেওয়া মোবাইল নম্বর ব্যবহার না করে শিক্ষার্থীদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, শিক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে প্রতারণার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কোনো মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের অনলাইন প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদান কার্যক্রম স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।