logo

শাকসু স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

শাকসু স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এমন ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।