চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আবহাওয়ার অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে শনিবারের (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা, অর্থাৎ- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় আগামীকাল শনিবারের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমতাবস্থায় পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এলাকায় মাইকিং করে পরীক্ষা স্থগিতের খবরটি প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।





