ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এনটিআরসিএ এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে।
সোমবার (১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি লিখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার- এমন সংবাদ প্রকাশের পর সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে সাধারণ শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
তীব্র প্রতিবাদের মুখে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছড়িয়ে পড়া তথ্যের ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ আগস্ট বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে ওই সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা নিম্নরূপ।
ক। ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫’ অনুযায়ী এখন থেকে এনটিআরসিএ কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী আর নিয়োগ সুপারিশ করবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
খ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলি কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক দ্রুত সম্পন্ন করতে হবে।
গ। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪২ জন তাাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে স্বউদ্যোগে ০১ (ক) এর সিদ্ধান্ত অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র/প্রজ্ঞাপন সংশোধন/জারি করতে হবে।
.png)


