প্রাথমিকের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন পেছাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদান বৃহস্পতিবার (১ অক্টোবর) সম্পন্ন হলেও পদায়ন পিছিয়ে গেছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ অক্টোবর পদায়নের কথা থাকলেও তা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক আদেশে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে বলা হয়, নবনিযুক্ত শিক্ষকগণের পদায়ন আদেশের তারিখ বৃদ্ধি করে ৪ অক্টোবরের তারিখের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। সে হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে ১ অক্টোবর যোগদান করা শিক্ষকদের ৪-৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশের কপি ৩ পার্বত্য জেলা ছাড়া সব জেলা সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
তথ্যমতে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২৪ সেপ্টেম্বর নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের কথা বলা হয়।