রুটিন অনুযায়ীই হবে বুধবারের এইচএসসি পরীক্ষা: ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমানের বুধবারের (১৫ জুলাই) পরীক্ষা স্থগিত বা পেছানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত সময়সূচি ও রুটিন অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আগামীকালের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা পেছানো বা রুটিন পরিবর্তনেরও কোনো পরিকল্পনা নেই। সেই অনুযায়ী আগামীকাল (১৫ জুলাই) রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এদিকে এইচএসসি ও সমমানের বুধবারের পরীক্ষা স্থগিত করা না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।
তাৎক্ষণিক ব্রিফিংয়ে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ জানান, বুধবারের পরীক্ষা মঙ্গলবার রাতের মধ্যেই স্থগিত করতে হবে। একই সঙ্গে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এই দাবি মানা না হলে বুধবারই ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে মিরাজ বলেন, সরকার যদি বুধবারের পরীক্ষা স্থগিত না করে, তবে পরীক্ষায় অংশ নেওয়া হবে কি না সে বিষয়ে আন্দোলনকারীরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা যে পরীক্ষা দেবই, তা কিন্তু বলিনি। আমরা বলেছি যদি বাধ্য হয়ে পরীক্ষায় বসতেই হয়, তবে অখুশি মনে লংমার্চ কর্মসূচি পালন করব। কারণ পরবর্তীতে সরকার বলতে পারে আমরা পরীক্ষা না দেওয়ার কারণে ফেল করেছি।
সংবাদ সম্মেলন শেষে রাতের মতো আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ত্যাগ করলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।





