নতুন পে-স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ সুবিধা বাতিল

নবম জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হয়ে গেছে।
নতুন পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় এ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। এ সময় পর্যন্ত পাওয়া বিশেষ সুবিধা নতুন বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনের বিষয়টি জানালেও, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন কাঠামো ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত আহরিত বিশেষ সুবিধা আদেশের সংশ্লিষ্ট ধারায় প্রাপ্য বকেয়ার সঙ্গে সমন্বয় করতে হবে।
তবে ১ জুলাই (২০২৬) অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন (২০২৬) যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারে সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।
এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
এদিকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেবেন বলে জানানো হয়েছে।


