Advertisement

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ

এশিয়া পোস্ট নিউজ
এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ
পুনর্নিরীক্ষণের আবেদনের তথ্য বিবরণী। ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন চলছে। ফল প্রকাশের পরদিন গত ১১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।

Advertisement

গত ১১ আগস্ট থেকে শুরুর পর পাঁচ দিনে মোট আবেদন করেছে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। এখন পর্যন্ত ৩ লাখের ওপর আবেদন পড়েছে। ১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

এদিকে ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা দেখার কোনো ব্যবস্থা ছিল না। তবে বর্তমান সরকার আইনটিতে সংশোধনী আনে। ফলে এবার শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নেরও সুযোগ রয়েছে।

পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালি সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

একবার আবেদন ও ফি পরিশোধের পর চাইলে কোনো শিক্ষার্থী আরও বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদন করার সময় ফি জমা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে। কোনো বিষয় ভুল করে নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সেটি বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে। তবে ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় আর পরিবর্তন বা বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে জমা দেওয়া অর্থও ফেরতযোগ্য নয়।

যেভাবে আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে।

বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতি জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।