বিশ্ব গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, জিতল ২৭ আন্তর্জাতিক পুরস্কার

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথেমেটিক্স ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) ২০২৬-এ অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ২৭ সদস্যের জাতীয় দলের প্রত্যেকেই আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। এর মধ্যে রয়েছে দুটি ডায়মন্ড, দুটি স্বর্ণ, ছয়টি রৌপ্য, ১৪টি ব্রোঞ্জ ও তিনটি মেরিট অ্যাওয়ার্ড।
বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ মেধা, অধ্যবসায় ও সমস্যা সমাধানের দক্ষতার পরিচয় দেন। বাংলাদেশের জাতীয় দলের সার্বিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অংশগ্রহণের সমন্বয় করেছে ‘বাংলার ম্যাথ’।
এবারের আসরে বাংলাদেশ দুটি ডায়মন্ড, দুটি স্বর্ণ, ছয়টি রৌপ্য, ১৪টি ব্রোঞ্জ এবং তিনটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। পাশাপাশি একটি গ্রেড টপ-৩ (দ্বিতীয় স্থান) অর্জনের স্বীকৃতিও পেয়েছে।
ডায়মন্ড অ্যাওয়ার্ড পেয়েছেন আহবাব জুলকিফল জাহিন ও জিৎ বালা। জিৎ বালা একই সঙ্গে গ্রেড টপ-৩ (দ্বিতীয় স্থান) অর্জন করেন। স্বর্ণপদক জিতেছেন সাজিদুল হক ও রাহিদ আজাদ অহন। এর মধ্যে দেশের সর্বোচ্চ স্কোর করে ‘স্টার অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেন সাজিদুল হক।
বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার বলেন, ‘আমরা শুধু মেডেল জিততে চাই না; আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা যুক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতায় বিশ্বকে নেতৃত্ব দেবে। আজকের এই সাফল্য সেই স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।’
বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ মো. আশরাফুল আল শাকুর বলেন, ‘এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের নিরন্তর সহযোগিতা এবং কোচদের নিবেদিত প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে।’
বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে বাংলার ম্যাথ ২০২৬ সালে ‘বাংলার ম্যাথ এক্সিলেন্স চ্যাম্পিয়নশিপ (বিএমইসি) ২০২৬’ আয়োজন করে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে ‘টিম সিলেকশন টেস্ট (টিএসটি)’-এর মাধ্যমে ডব্লিউএমআই ২০২৬-এর জন্য ২৭ সদস্যের জাতীয় গণিত দল চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে বাংলার ম্যাথ। টিম সিলেকশন টেস্ট থেকে আন্তর্জাতিক দল নির্বাচন পর্যন্ত বাংলাদেশ গণিত দলের ভেন্যু পার্টনার ছিল এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।





