প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন ৯ শর্তে

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র পাবেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। আগামী ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান করতে বলা হয়েছে। তবে নয়টি শর্তে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩) বেতনক্রমে শূন্যপদে এসব প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ ৯টি শর্তের অধীন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
শর্তগুলো হলো—
১. যোগদানের তারিখ থেকে ২(দুই) বৎসর পর্যন্ত চাকুরিকাল শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. শিক্ষানবিশকালে কর্মদক্ষতা, আচরণ ও সন্তোষজনক চাকুরির রেকর্ড সাপেক্ষে বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে এবং শিক্ষানবিশকালে যে কোন ধরণের অসদাচরণের জন্য কোন কারণ দর্শানো ব্যতিরেকেই চাকরি হতে অপসারণ করা যাবে।
৩. শিক্ষানবিশকালে কোন ধরণের বদলির আবেদন করা যাবে না।
৪. শিশুকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না, করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃক যে কোন সময়ে সরবরাহকৃত যে কোন তথ্য ও সনদপত্র মিথ্যা/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে এ নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং প্রচলিত আইনের বিধান অনুযায়ী তার/তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
৬. নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে যোগদানের পর সরকার নির্ধারিত ০২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
৭. অন্যূন ০৪ (চার) বৎসরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ গ্রহণে ব্যর্থ হলে কিংবা অনুত্তীণ হলে তার চাকরি স্থায়ী করা হবে না এবং চাকরি বিধি অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. চাকরিতে যোগদানকালে তাকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না।
৯. এ নিয়োগ আদেশে সুনিদিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে তার চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।
আদেশে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে। আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন তাদের যোগদান সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখে কেউ চাকরিতে যোগদান না করলে তিনি এতে সম্মত নন বলে গণ্য হবেন। একই সঙ্গে তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ‘প্রাতিষ্ঠানিক কোড নং-১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ’-এর বেতন-ভাতা খাত থেকে বেতন ও অন্যান্য ভাতা পাবেন।
