মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হলো ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর

একাদশে শিক্ষার্থী ভর্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়।
আবেদনে মোট ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী মাইগ্রেশনের (কলেজ পরিবর্তন) আগ্রহ দেখিয়েছিল। মাইগ্রেশন ফলাফলে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, গত ১৬ সেপ্টেম্বর, বুধবার রাত ৮টায় ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পায় ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করার কথা থাকলেও কলেজ মনোনয়ন পাওয়া ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন ছাত্র-ছাত্রী নিশ্চয়ন করেনি। ফল প্রকাশের পর কলেজ নিশ্চয়ন করেছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব শেষে ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।


