logo

জকসুর উদ্যোগে জবিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা 

জকসুর উদ্যোগে জবিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলার পরদিন বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি তাদের পরামর্শ প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিচ্ছেন। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে জকসুর উদ্যোগে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে। এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, আসলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যারা স্টুডেন্ট আছে তারা দেশের বাহিরে যাওয়ার জন্য অনেক আগ্রহী। কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না। যার কারণে তারা অনেক সময় দালালের খপ্পরে পড়ে বা বিভিন্নভাবে প্রতারিত হয়। তো এই এক্সপোটার মাধ্যমে তারা সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে পারছে এবং তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করতে পারছে। তো আমি মনে করি এই ধরনের এক্সপো আরও হওয়া উচিত যাতে করে স্টুডেন্টরা উপকৃত হয়।

জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, জকসু এবং এডুম্যাক্স-এর সমন্বয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি। কোর্সে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী যদি ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকে এবং মক টেস্টে অন্তত ৬ স্কোর অর্জন করতে পারে, তবে তাদের কোর্স ফি বাবদ নেওয়া ২০০০ টাকা সম্পূর্ণ রিফান্ড করা হবে। এ ছাড়া কোর্স শেষ করার তিন মাসের মধ্যে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ যদি ৮ (8.0) স্কোর তুলতে পারে, তবে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাকে পরীক্ষার ফির ৫০ শতাংশ স্কলারশিপ হিসেবে প্রদান করা হবে। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।