logo

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আজ, বোনাস নিয়ে যে সিদ্ধান্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আজ, বোনাস নিয়ে যে সিদ্ধান্ত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

সারা দেশের বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর এপ্রিলের বেতন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে বেতনের অর্থ পৌঁছে যাবে। তবে বেতন হলেও ঈদ বোনাস নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, এপ্রিল মাসের বেতন আজকের মধ্যে ব্যাংক হিসাবে চলে যাবে। তবে ঈদুল আজহার উৎসব ভাতা এখনও অনুমোদন পায়নি।

মাউশি থেকে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়নি বলেও জানান তিনি।

পরিচালক আরও বলেন, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জিও জারি করা হবে। এরপর আইবাসের ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা পাঠিয়ে থাকেন। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।