logo

ফাজিল পরীক্ষায় নকল হলে কেন্দ্র বাতিল: উপাচার্য

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ফাজিল পরীক্ষায় নকল হলে কেন্দ্র বাতিল: উপাচার্য
ইসলামি আরবি বিশ্ববিধ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান। ছবি : এশিয়া পোস্ট

ফাজিল পরীক্ষার কেন্দ্রে নকলের অভিযোগ পাওয়া কেন্দ্র বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিধ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা নকল করার সুযোগ পেলে ক্লাসমুখী হবে না, এটাই স্বাভাবিক। শত চেষ্টা করেও মাদরাসার শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব হবে না। নকল রোধে শুধু শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার মধ্যে সীমাবদ্ধ থাকা হবে না, প্রয়োজনে কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবদের বাদ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, মাদরাসা পরিদর্শক (অতি.দা.) প্রফেসর ড. হুসাইন আহমাদ, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দা.) মো. জিয়াউর রহমান।

উপাচার্য বলেন, নতুন করে ফাজিল ও কামিল মাদরাসার সংখ্যা বৃদ্ধি করার চেয়ে বিদ্যমান মাদরাসাগুলোতে শিক্ষার্থী সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আরো নজর দিতে হবে।

প্রসঙ্গত, ফাজিল পাস পরীক্ষা-২০২৫ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।