Advertisement

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এশিয়া পোস্ট ডেস্ক
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া আগামী ৩০ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (২৭ জুলাই) বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিলম্ব ফি ছাড়া প্রতিটি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশন করতে হলে অতিরিক্ত ১৪০ টাকাসহ মোট ৩৩৬ টাকা প্রদান করতে হবে।

বোর্ডের নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কেবল অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে নিবন্ধনের সুযোগ পাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা অবশ্যই ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে; এর কম বা বেশি বয়সী শিক্ষার্থীরা নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত হবে না।

রেজিস্ট্রেশন কার্যক্রম নিখুঁত ও নির্ভুল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ ৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বোর্ড। অনলাইনে তথ্য সাবমিটের আগে বিদ্যালয়ের মূল ভর্তি ফরমের সঙ্গে তথ্যের মিল যাচাই করার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর। কোনো তথ্যে ভুল হলে প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন। তবে কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনের কাজে শিক্ষার্থীদের নিয়োজিত করা যাবে না।

শিক্ষার্থীদের বিভাগ (সাইন্স, আর্টস, কমার্স) নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মতিক্রমে শাখা চূড়ান্ত করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করেও এই বিভাগ বিভাজন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে বা কোনো ধরনের জটিলতা তৈরি হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। এ ছাড়া ফি জমাদানের জন্য বোর্ডের অফিসে আসার প্রয়োজন নেই; সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে 'eSIF' পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।