logo

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং ২০২৬’  এ অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের র‍্যাংকিংয়ে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ (ইঞ্জিনিয়ারিং - ওভারঅল র‍্যাংকিং ক্যাটাগরি) এবং ‘রিসার্চ’ (অল সাবজেক্ট এরিয়াস - রিসার্চ ক্যাটাগরি) উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বিত তালিকায় বিইউবিটি ১১তম স্থান লাভ করেছে। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল বিদ্যায় ১ হাজার ৭৬৬তম এবং সকল বিষয়ের গবেষণা ক্যাটাগরিতে ৪ হাজার ৫৯৮তম অবস্থানে রয়েছে। গবেষণার উৎকর্ষতা, উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক দৃশ্যমানতায় বিইউবিটির এই অভাবনীয় সাফল্য প্রতিষ্ঠানটিকে একটি শীর্ষস্থানীয় গবেষণানির্ভর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ দিকসমূহ

প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং - ওভারঅল র‍্যাংকিং ক্যাটাগরি): দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে জাতীয় পর্যায়ে ১১তম। (গ্লোবাল র‍্যাংক: ১৭৬৬)।

গবেষণা (অল সাবজেক্ট এরিয়াস - রিসার্চ ক্যাটাগরি): দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম এবং জাতীয় পর্যায়ে ১১তম। (গ্লোবাল র‍্যাংক: ৪৫৯৮)।

সিমাগো মূলত গবেষণা কর্মক্ষমতা, উদ্ভাবনী আউটপুট এবং সামাজিক প্রভাব—এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে এবং স্কোপাস-ইনডেক্সড পাবলিকেশন ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে থাকে।

প্রকৌশল ক্যাটাগরিতে বিইউবিটির এই অবস্থান প্রযুক্তিগত ও ফলিত গবেষণায় তাদের ক্রমবর্ধমান অবদানের প্রমাণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সাফল্যের মূলে রয়েছে দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং শিক্ষক, গবেষক ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের নিরলস পরিশ্রম। বিশেষ করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল (আরজিএস) একটি গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং মানসম্পন্ন জার্নালে প্রকাশনা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এই অসাধারণ অর্জনে রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমানসহ সকল গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক অঙ্গনে বিইউবিটির অবস্থান সুদৃঢ় করার অঙ্গীকারেরই প্রতিফলন।

বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ভিশন এবং নেতৃত্বের দিকনির্দেশনার ফসল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সঠিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর স্টেকহোল্ডারদের আস্থাকে আরও শক্তিশালী করবে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিকাশে বিইউবিটি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।