চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং শহীদ ফরহাদ হোসেন হল সংসদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিন আবির সরকারসহ চার শিক্ষার্থী আহত হন।
আহত বাকি তিন শিক্ষার্থী হলেন—যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাহিন আবির বাম হাতের উপরের দিকে আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে। আশিকুর রহমানের ঘাড় ও হাতে আঘাত পেয়েছেন। রাতে তাকে এখানেই অবজারভেশনের জন্য রাখা হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগেও এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।