logo

পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা করবে ইউজিসি

পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা করবে ইউজিসি
প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: এশিয়া পোস্ট

উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি পূরণ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশ-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সময়ে ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় গবেষণায় ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় পিএইচডিধারী শিক্ষক ও দক্ষ গবেষকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। এ ঘাটতি দূর করতে চলতি বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী বছর এই সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক মান অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।

গবেষণায় অর্থায়নের বিষয়ে তিনি বলেন, প্রস্তাবের গুণগত মান, উদ্ভাবনী চিন্তা এবং দেশের বাস্তব সমস্যার সমাধানের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি ও বেসরকারি—উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন এবং নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যোগ্য উপপ্রকল্প নির্বাচন করে অনুদান প্রদান করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রম টেকসই করতে গাজীপুরে একটি ‘উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। এই একাডেমিতে নবনিযুক্ত শিক্ষকদের ৩ থেকে ৬ মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ঢাকার বাইরে আরও একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, ৬ দিনব্যাপী (৯-১৪ অক্টোবর) এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশ নেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব অর্জনে সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান এবং অ্যাডভান্স এইচইর জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও’হারা উপস্থিত ছিলেন।