logo

৪৫বিসিএসে গেজেট বঞ্চিতদের অনশনের ২৪ ঘণ্টা

৪৫বিসিএসে গেজেট বঞ্চিতদের অনশনের ২৪ ঘণ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গেজেট বঞ্চিতদের অনশন। ছবি: এশিয়া পোস্ট

৪৫তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদপড়া প্রার্থীদের পুনঃগেজেটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশনের ২৪ ঘণ্টা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) পার হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে তারা রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি শুরু করেন।

অনশনকারীদের একজন মনিরুজ্জামান। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে পড়াশোনা করেছেন। ৪৫তম বিসিএসে মৎস্য ক্যাডারে ২৮তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হন। দীর্ঘ চার বছরের প্রস্তুতি পর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম না আসায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান।

গেজেট বঞ্চিত মনিরুজ্জামান জানান, প্রায় ১১ মাস আগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তার পরিবার ও এলাকার মানুষ জেনেছিলেন, তিনি বিসিএস ক্যাডার হয়েছেন। পরবর্তী সময়ে গেজেটে নাম না থাকায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। তিনি এখনোও বাড়িতে যেতে পারেননি। তার পরিবার হতাশা ও কান্নার মধ্য দিয়ে সময় পার করছে।

আমরণ অনশনকারীদের প্রত্যাশা তুলে ধরে মনিরুজ্জামান বলেন, তারা নতুন রাষ্ট্রের কাছে বিশেষ কোনো অনুগ্রহ চাইতে আসেননি। বরং নিজেদের ন্যায্য অধিকার বুঝে নিতে এসেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন রাষ্ট্র তাদের সঙ্গে বৈষম্য করবে না বলে তারা বিশ্বাস করেন। রাষ্ট্র তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এটি তাদের আশা। এত প্রতিকূলতা পেরিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও গেজেটে নাম না আসায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা ভেঙে পড়েছে বলে জানান তিনি।

ক্যাডার বঞ্চিত চাকরি প্রার্থীরা বলেন, আগামী শনিবারের মধ্যে ক্যাডার বঞ্চিত ৫৬ প্রার্থীর জন্য সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে বিশ্বাস করি। তা না হলে আমরা যে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হব, এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।

অনশন থেকে ৪৫তম গেজেট বঞ্চিতদের পাঁচ দাবি

এর মধ্যে রয়েছে, গেজেট বঞ্চিতদের মধ্যে যাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই, তাদের জন্য অবিলম্বে সম্পূরক গেজেট প্রকাশ করতে হবে; নাগরিক হিসেবে আমরা কোনো বৈষম্যের শিকার হব না, তার নিশ্চয়তা দিতে হবে; অন্য সহকর্মীদের সঙ্গে আমাদেরও ১ নভেম্বর যোগদানের সুযোগ দিতে হবে।