ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সোলাইমান হোসাইন রবিকে ছুরিকাঘাত করেছেন জহুরুল হক হলের শিক্ষার্থী মো. বনি।
সোমবার (১৬ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ভবনে এ ঘটনা ঘটে।
বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ এশিয়া পোস্টকে বলেন, রাত ১১টার দিকে আমাদের হল সংসদের কার্যনির্বাহী সদস্য সোলাইমান দেখতে পান একজন ব্যক্তি বিভিন্ন রুমে প্রবেশ করে জিনিসপত্র চুরি করছেন। তাকে ধরতে গেলে তিনি চাকু বের করেন। এ সময় সোলাইমানের হাতের একপাশে আঘাত লাগে।
হলের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ তুলে তিনি বলেন, বিজয় একাত্তর হল আয়তনে অনেক বড় হলেও এর নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল। আমাদের হলে নিরাপত্তা প্রহরী পর্যাপ্ত পরিমাণে নেই। ফ্লোরগুলোতে সিসিটিভি ক্যামেরাও নেই। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রায়ই আমাদের হলে চুরি হয়।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, হল সংসদের কার্যনির্বাহী সদস্য সোলাইমান আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিষয়টি আরও গুরুতর হতে পারত। অভিযুক্ত জহুরুল হক হলের শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ। ঘটনাস্থলে জহুরুল হকের হাউস টিউটররা এসেছে। আমার হলের হাউস টিউটররাও উপস্থিত রয়েছে। আমি শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করেছি।
হলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি। আমাদের নিরাপত্তা প্রহরীর ঘাটতি রয়েছে। আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। ঈদের পর তিনজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে। সিসিটিভিসহ সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সহযোগিতা প্রয়োজন।