ফল উৎসবের আমেজে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর

এশিয়া পোস্ট প্রতিবেদক
ফল উৎসবের আমেজে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর। ছবি: এশিয়া পোস্ট

মৌসুমী ফলের ঘ্রাণ আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রোববার (২৮ জুন) সকালে কলেজের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নতুনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী সদস্যদের দেওয়া হয় সংবর্ধনা।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল মৌসুমী ফল উৎসব। আম, জাম, কাঁঠাল ও লিচুর মতো হরেক রকম দেশি ফলে আপ্যায়ন করা হয় উপস্থিত অতিথি, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের। এই আয়োজনকে কেন্দ্র করে সমিতির কার্যালয়ে তৈরি হয় এক প্রাণবন্ত আড্ডা ও মিলনমেলা।

সতিকসাসের নবগঠিত কমিটির সভাপতি এইচ এম মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক ও ফয়েজ রেজা। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন।

ফল উৎসবের আমেজে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর। ছবি: এশিয়া পোস্ট
ফল উৎসবের আমেজে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর। ছবি: এশিয়া পোস্ট

বিশেষ করে চ্যানেল টোয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ, এশিয়ান টেলিভিশনের মাহবুব জুয়েল, কবি ও সাংবাদিক আবিদ আজম এবং উপদেষ্টা তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। তারা সংগঠনের স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব সাংবাদিকতার পরিসর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিদায়ী সভাপতি সাহেদুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তাদের দায়িত্বকালীন অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। সংগঠনের ধারাবাহিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তারা বর্তমান কমিটির প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেন, ফল উৎসবের মতো সৃজনশীল আয়োজন শুধু শিক্ষার্থীদের দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করে না, বরং এটি সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরিতেও কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।

নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।