এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কৃত ৭

সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত পরীক্ষায় ২৪ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ০১ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৭১ জন, যা উক্ত বোর্ডের মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৫৮ শতাংশ।
এ ছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, সিলেটে ১ হাজার ১২৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কুরআন মাজিদ পরীক্ষায় ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪৯৮ জন অনুপস্থিত ছিল, যেখানে অনুপস্থিতির হার ৫ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৩ দশমিক ৬৭ শতাংশ হারে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ১ জন এবং কারিগরি বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তবে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।






