logo

‘গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না’

‘গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না’
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া

গুটি কয়েক দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

শনিবার (২৪ অক্টোবর) ফেসবুকে নিজের আইডিতে এত পোস্টে এসব কথা বলেন তিনি।

এর আগে গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মুসলেউদ্দিনকে (ভাইস প্রিন্সিপাল) মারধর করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেন আজিজি পোস্টে লেখেন, মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এমন আশঙ্কার প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানেও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে; কিন্তু মাদ্রাসার ঘটনাগুলো ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় পুরো মাদ্রাসা শিক্ষা প্রশ্নের মুখে পড়ে।

তিনি আওর বলেন, মাদ্রাসাপড়ুয়া হিসেবে মনে রাখতে হবে, আপনার একটি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমগ্র মাদ্রাসা শিক্ষার সুনামকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,মাদ্রাসা দরদি জনগণ ও ওলামায়ে কেরাম সবারই সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

শিক্ষক দেলোয়ার হোসেন লেখেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত, কঠোর ও ন্যায়সংগত ব্যবস্থা নিতে হবে। এর ব্যত্যয় হলে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হবে।

সতর্ক করে তিনি বলেন, গুটি কয়েট দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করি।