ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের পাশে নাসীরুদ্দিন পাটোয়ারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই বিপ্লব ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন নাসীরুদ্দিন পাটোয়ারী। গতকাল (বুধবার) বিকেল থেকে অনশনে বসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। পরে তার সাথে সংহতি প্রকাশ করে অনশনে বসেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, আজ তারা যে দাবির পরিপ্রেক্ষিতে অনশনে বসেছে সেই দাবিতেই বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। সুতরাং সরকারের উচিত গণভোটের রায় মেনে নেওয়া।
অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীরা ডাক্তার দেখায়নি। যেকোনো সময় গুরুতর কিছু ঘটে যেতে পারে। জুলাই আন্দোলনে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আর কাউকে নতুন করে হারাতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।