logo

বিইউবিটিতে ‘প্যারেন্টস ডে’ অনুষ্ঠিত: শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময়

বিইউবিটিতে ‘প্যারেন্টস ডে’ অনুষ্ঠিত: শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময়

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে শনিবার (৭ ফেব্রুয়ারি) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘প্যারেন্টস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতি সেমিস্টারে এই দিনটি পালন করা হয়, যেখানে শিক্ষার্থীদের অভিভাবক সরাসরি শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

দিনব্যাপী এই আয়োজনে অভিভাবকরা তাদের সন্তানদের একাডেমিক অগ্রগতি, ক্লাসে উপস্থিতি এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিইউবিটির উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগত অভিভাবকদের সঙ্গে মতামত বিনিময় করেন।

অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের আশ্বস্ত করেন যে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিইউবিটি সবসময় গুণগত শিক্ষা ও নৈতিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এই আয়োজন প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে কেবল শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; বরং শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় তাদের মনে আস্থার জায়গা তৈরি করে। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের এই নিবিড় যোগাযোগই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতিবাচক মতামতের মধ্য দিয়ে দিনটি সফলভাবে সম্পন্ন হয়। বিইউবিটি কর্তৃপক্ষ মনে করে, অভিভাবক ও শিক্ষকদের এই সমন্বয় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।