logo

প্রথম শ্রেণিতে লটারির আবেদনে পছন্দ দেওয়া যাবে যত প্রতিষ্ঠান

প্রথম শ্রেণিতে লটারির আবেদনে পছন্দ দেওয়া যাবে যত প্রতিষ্ঠান
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে পছন্দক্রম দেওয়া যাবে। তবে দুই পালায় (ডাবল শিফট) চলা বিদ্যালয়ে উভয়পালা পছন্দ করলে দুটি বিদ্যালয় পছন্দক্রম দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

এদিকে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-১) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রকাশিত নীতিমালায় এসব তথ্য জানানো হযেছে।

এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এখনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা জারি হয়নি।

নীতিমালার তথ্যমতে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এক ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে।

এ ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে দুই ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর নির্ধারিত থাকবে।

অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করতে হবে।

প্রথম শ্রেণিতে ৬ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বিশেষ চাহিদাসম্মপন্ন শিক্ষার্থীর বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।

প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে।